মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতিতে রঙিন সাজে সেজেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়জুড়ে নেওয়া হয়েছে বর্ণিল সাজসজ্জার উদ্যোগ।
সরেজমিনে দেখা যায়, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত পুরো সড়কপথ আলপনায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে অবস্থিত দেশের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সর্ববৃহৎ শহিদ মিনারটিকেও নান্দনিক সাজে সাজানো হয়েছে। মিনার ও আশপাশের এলাকায় রাতের সৌন্দর্য বাড়াতে বসানো হয়েছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা রঙ-তুলিতে ফুটিয়ে তুলছেন ভাষা আন্দোলনের চেতনা। শহিদ বেদির চারপাশে আঁকা আলপনায় স্থান পেয়েছে ফুল, লতাপাতা ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা নকশা।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা জানান, ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের স্মরণে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সেই আয়োজনকে কেন্দ্র করেই নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় আলপনা ও সাজসজ্জা সম্পন্ন করেছেন তারা। শিক্ষার্থীদের আশা, এ নান্দনিক পরিবেশে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে বিশ্ববিদ্যালয় পরিবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









