কন্নড় তারকা যশ ও কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর থেকেই আলোচনায়। গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটি গত ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে দর্শকদের কাছ থেকে জোরালো সাড়া পেলেও পরবর্তী সময়ে সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বাড়তে থাকে। এর প্রভাব পড়ে বক্স অফিসেও।
তবে সিনেমাটির সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে যশ ও কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য। বিশেষ করে সিনেমা মুক্তির আগে ‘তাবাহি’ গান প্রকাশের পর থেকেই কিয়ারাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক ট্রোলিং।
সমালোচকদের একটি অংশের দাবি, কিয়ারা যেহেতু বিবাহিত এবং একজন মা, তাই এ ধরনের দৃশ্যে তার অভিনয় করা উচিত হয়নি। এবার সেই সমালোচনার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, কোনো সিনেমা বা চরিত্র না দেখেই আগে থেকে মতামত তৈরি করে ফেলা খুবই সমস্যাজনক। বিশেষ করে নারী ও অভিনেত্রীদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি দেখা যায়।
স্বস্তিকার ভাষায়, “কাজটি দেখার আগেই যদি মতামত তৈরি করে ফেলি, তাহলে আমরা শেষ হয়ে গেছি। কারণ কোনো সিনেমা দেখার আগেই সবকিছু নিয়ে একটি মতামত তৈরি হয়ে যায়—বিশেষ করে নারী ও অভিনেতাদের নিয়ে।”
তিনি আরও বলেন, দর্শকরা অনেক সময় সিনেমার প্রেক্ষাপট, চরিত্রের গুরুত্ব কিংবা গল্পের প্রয়োজনীয়তা না বুঝেই শুধু অন্তরঙ্গ দৃশ্য দেখেই সমালোচনা শুরু করেন।
স্বস্তিকা বলেন, “আপনি জানেন না সিনেমাটিতে কী আছে। আপনি জানেন না এর প্রেক্ষাপট কী। চরিত্রটির গুরুত্ব কতটা, গল্পটি কী—কিছুই জানেন না। কীভাবে দৃশ্যটি উপস্থাপন করা হয়েছে, সেটাও জানেন না। শুধু জানেন যে সেখানে অন্তরঙ্গতা রয়েছে। আর সেটুকু দেখেই আপনি সমালোচনা ও তর্ক শুরু করে দেন।”
স্বস্তিকার বক্তব্যের মূল বিষয় হলো—একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বৈবাহিক পরিচয় বা মাতৃত্বকে তার পর্দার চরিত্রের সঙ্গে এক করে দেখা উচিত নয়। একজন অভিনেত্রী কোন চরিত্রে অভিনয় করবেন, তা নির্ভর করে গল্প ও চরিত্রের প্রয়োজনের ওপর।
নারী অভিনয়শিল্পীদের পর্দায় কোনো ঘনিষ্ঠ বা সাহসী দৃশ্যে অভিনয় করলেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
‘টক্সিক’ সিনেমায় যশ ও কিয়ারার পাশাপাশি আরও অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় তারকা। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও কিয়ারাকে ঘিরে বিতর্ক ইতোমধ্যে সিনেমাটির আলোচনার অন্যতম বড় বিষয় হয়ে উঠেছে।
স্বস্তিকার বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তার প্রশ্ন—একজন অভিনেত্রী কি শুধু ‘আদর্শ’ বা ‘ত্যাগী’ নারীর চরিত্রেই অভিনয় করবেন? নাকি একজন অভিনেত্রীর নিজের পছন্দমতো নানা ধরনের চরিত্রে অভিনয় করার স্বাধীনতা থাকা উচিত?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









