কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
শনিবার (১০ অক্টোবর) বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল অ্যাজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম’।
ইবি উপাচার্য বলেন, পর্যটন এখন শুধু আনন্দ-বিনোদন নয়; কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সমুদ্রসৈকত, নদী, বন, পাহাড়, চা-বাগান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের পর্যটন খাতের বড় সম্ভাবনা। তবে অবকাঠামো, সেবার মান, ব্যবস্থাপনা ও নিরাপত্তার সীমাবদ্ধতায় এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
তিনি আরও বলেন, স্মার্ট পরিকল্পনা, ডেটাভিত্তিক ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং ও ব্যক্তিকেন্দ্রিক ভ্রমণসেবায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে গবেষণা, ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং ও স্মার্ট হসপিটালিটি ব্যবস্থাপনার সমন্বয় জরুরি। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পরিবেশ সুরক্ষা, সাংস্কৃতিক মূল্যবোধ ও মানবিক আতিথেয়তাকেও গুরুত্ব দিতে হবে।
সেমিনারে কী-নোট স্পিকার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের সিইও ও বাংলাদেশ ইন্টিগ্রেটেড রুরাল বেসড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ইরফান আহমেদ বলেন, গন্তব্য নির্বাচন, ভ্রমণ পরিকল্পনা, বুকিং, ভাষা রূপান্তর এবং হোটেল-রিসোর্ট ব্যবস্থাপনায় এআই কার্যকর ভূমিকা রাখছে। সঠিক পরিকল্পনা ও গবেষণাভিত্তিক তথ্যের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী ও ব্যবসায়িক খাতকে সমৃদ্ধ করতেও এ প্রযুক্তি সহায়ক হতে পারে।
বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি, রহিমাফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস শাহীদ মিয়াসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. মহিউদ্দিন সেলিম, এনজিও দিশার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম এবং গোয়িংফ্লাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









