গণহত্যাকারীরা ঘাপটি মেরে থেকে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পরাজিত শক্তির অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি অভিযোগ করেন, গণহত্যাকারীরা আড়ালে থেকে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, যারা দেশ পুনর্গঠন এবং কার্যকর সংসদকে অকার্যকর করতে চায়, তারা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সরকার যখন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে, তখন ফ্যাসিস্ট ও গুপ্তরা ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে।
এর আগে সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ ছাত্রদলের নেতারা।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা ছিলেন শহীদ নাজির উদ্দিন জেহাদ। ১৯৯০ সালের ১০ অক্টোবর অবরোধ চলাকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
জেহাদের মৃত্যুর দিনই গঠিত হয় সর্বদলীয় ছাত্রঐক্য। তার আত্মত্যাগ এরশাদবিরোধী সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করে তোলে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









