রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে বেরোবিতে পদোন্নতি, তদন্ত শুরু

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে বেরোবিতে পদোন্নতি, তদন্ত শুরু

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৮ জন কর্মকর্তাকে চতুর্থ গ্রেডে পদোন্নতি দেওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৫ সালের ১৪ ডিসেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইউজিসি এ তদন্ত কমিটি গঠন করে।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে গত ২৪ জানুয়ারি জারি করা এক অফিস আদেশে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউজিসির অডিট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম এবং ইউজিসির লিগ্যাল শাখার সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অভিযোগ রয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ ইউজিসির স্পষ্ট নির্দেশনা অমান্য করে উপ-রেজিস্ট্রার/সমমানের ৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার/সমমানের পদে চতুর্থ গ্রেডে আপগ্রেডেশন প্রদান করেন। এ পদোন্নতিতে একাধিক অনিয়মের বিষয় সামনে এসেছে।

এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে অভিযোগগুলো বিস্তারিতভাবে অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা, অনুলিপি সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে কমিটিকে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, “কমিটির একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই আমরা সরেজমিনে তদন্তে বেরোবিতে যাব।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “বিধিবহির্ভূতভাবে ৮ জন কর্মকর্তার পদোন্নতির বিষয়ে ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করেছে—এটি আমরা জেনেছি। কমিটি দ্রুত সময়ের মধ্যে এসে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.