মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলেও জানিয়েছেন তিনি।
রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।’’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর। সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এই চুক্তির সদস্য। তিন দেশের মধ্যে হওয়া চুক্তিটিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তবে বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের পর্যায়ে যাওয়া হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে চুক্তির তিন সদস্য দেশ আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। চুক্তিটি ভবিষ্যতে বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং বিষয়টি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় অন্যদের উদ্বেগের কারণ নেই।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে করা প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে অন্য সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবেও বিবেচনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









