কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে আটটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় আরও দুজন পালিয়ে যায়।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও মিডিয়া ফোকাল পয়েন্ট মো. অহিদুর রহমান।
পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৯টা ১৫ মিনিটের দিকে মহেশখালী থানার ছোট মহেশখালী আদিনাথ জেটিঘাট এলাকা থেকে বদরখালীগামী সড়কে একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা দেখতে পায় পুলিশ। গাড়িটি থামানোর সংকেত দিলে চালক ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে জগন্নাথ ফার্মেসির সামনে সিএনজি থামান। এ সময় গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন।
পরে মহেশখালী থানা পুলিশ সিএনজিতে থাকা দুইজনকে আটক করতে সক্ষম হয়। তবে আরও দুজন দৌড়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার মো. রুবেল মিয়া (৩৪) এবং মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮)।
পুলিশ সিএনজিতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি রাইফেল ও সাতটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে। এ ছাড়া আটক ব্যক্তিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘‘পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, ‘‘সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে মহেশখালীতে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









