কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় পটুয়াখালীর দশমিনায় দুই সার ডিলারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ২টার দিকে উপজেলার নলখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পান।
অভিযোগের প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নলখোলা বন্দরের মেসার্স লুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অমল সাহা এবং একই বাজারের মেসার্স হাতেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাতেম আলী। অমল সাহাকে ৮ হাজার টাকা এবং হাতেম আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









