প্রযুক্তি ব্র্যান্ড অপো এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে এই কর্মশালাটি শুরু হয়। এখানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় বিভাগের শিক্ষক ও একাডেমিক প্রতিনিধিদের পাশাপাশি পাঠশালার দক্ষ প্রশিক্ষক ও অপো বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
কর্মশালায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অপোর সাউথ এশিয়া মার্কেটিং ইনচার্জ ক্যাথি, হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয়, পিআর অ্যান্ড ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন মৃধা মো. শিবলী নোমান।
আয়োজকরা জানান, গল্প বলার শক্তিশালী মাধ্যম হিসেবে স্মার্টফোনকে ব্যবহার করছেন এমন তরুণ প্রতিভাবানদের সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতা আরও বিকশিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
কর্মশালায় শিক্ষার্থীরা মোবাইল ফটোগ্রাফির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন। যার মধ্যে রয়েছে- ফ্রেমিং কৌশল, লাইটিং ব্যবস্থাপনা, ভিজ্যুয়ালের মাধ্যমে গল্প উপস্থাপন, কম্পোজিশনের মৌলিক বিষয় এবং স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে সৃজনশীল এডিটিং পদ্ধতি। প্রশিক্ষকরা এসময় আরও দেখান যে, কীভাবে আধুনিক স্মার্টফোন প্রযুক্তি প্রতিদিনের মুহূর্তগুলোকে আকর্ষণীয় ভিজ্যুয়াল গল্পে রূপান্তরিত করতে পারে; যা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং নিজস্ব ফটোগ্রাফিক স্টাইল গড়ে তুলতে উৎসাহিত করে।
কর্মশালার শেষ পর্যায়ে একটি ইন্টারঅ্যাকটিভ সেগমেন্টের ব্যবস্থা করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নতুন শেখা দক্ষতা প্রয়োগ করেন। এসময় শিক্ষার্থীদের পারফরম্যান্স ও সৃজনশীলতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আজকের তরুণদের জন্য মোবাইল ফটোগ্রাফি একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। পাঠশালা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সঙ্গে এ সহযোগিতার মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও সৃজনশীল আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করতে চাই; যেন তারা তাদের স্মার্টফোন ব্যবহার করেই অর্থবহ গল্প উপস্থাপন করতে পারেন।”
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে আশরাফুল আওয়াল মিশুক বলেন, “ফটোগ্রাফিকে কেবল প্রযুক্তিগত দক্ষতা হিসেবে নয় বরং গল্প বলার একটি মাধ্যম হিসেবে দেখতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে এ কর্মশালা। সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয়ে শিক্ষার্থীরা ভিজ্যুয়াল যোগাযোগের নতুন সম্ভাবনা উন্মোচন করছেন।”
সার্বিক বিষয়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন মৃধা মো. শিবলী নোমান বলেন, “বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত ভিত্তিতে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করছি। এরই অংশ হিসেবে অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের এই উদ্যোগে আমাদের বিভাগ যুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীগণ উপকৃত হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









