নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ভেজালমুক্ত খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিশ্ব নিরাপদ খাদ্য দিবস এবং ফুড সেফটি মুভমেন্টের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, খাদ্য নিরাপত্তা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত। রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু সরকারি অভিযান যথেষ্ট নয়; বরং জনগণের সচেতনতার অভাবই বড় বাধা। উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা শুধু সীমিত পরিসরে না রেখে মসজিদ, মাদ্রাসা ও উন্মুক্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ফুড কোর্ট, ফুটপাতের খাবার বিক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরও সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, আগে সমাজে স্বেচ্ছাসেবী কার্যক্রম, সাংস্কৃতিক সংগঠন, ক্লাব ও পাঠাগারের ভূমিকা ছিল বেশি। এসব কমে যাওয়ায় সামাজিক সচেতনতা ও মানবিকতাও হ্রাস পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, মানুষকে মানবিকভাবে গড়ে তুলতে পারলে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রিও অনেকাংশে কমে আসবে।
ফুটপাত ও ভ্রাম্যমাণ খাবার বিক্রির প্রসঙ্গে তিনি বলেন, এসব ক্ষেত্রে ব্যবহৃত পানি ও পরিচ্ছন্নতার মান নিশ্চিত করতে কঠোর তদারকি প্রয়োজন। ব্যবসা চলবে, তবে তা অবশ্যই স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে হতে হবে।
ডিএসসিসির পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুড সেফটি মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মাহমুদুল ইসলাম সেলিম। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতে কার্যকর তদারকি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









