রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগের পাশে দুই নারী অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা বিষয়টি দেখে পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থান করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত দুই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে শাহবাগ থানা পুলিশ তদন্ত শুরু করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









