“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি কালেক্টরেট চত্বর প্রদক্ষিন করে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। এখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নার্সারী মালিক রুহুল আমিন, ছাত্র শ্রেষ্ঠ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করতে হবে। গাছ শুধু লাগালেই হবেনা। তার পরিচর্যা করতে হবে। সব কাজে চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জকে উৎরে উঠতে হবে। গাছ শুধু লাগালেই হবে না। গাছের দেখভাল করতে হবে। গাছের ফলমুল খেলে শরীর সুস্থ থাকবে। বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে গাছের বিষয়ে জানাতে হবে।
মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









