ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে সারসহ ট্রাকটি সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ভাউলার হাট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ট্রাকটিতে ৩৮০ বস্তা ডিএপি সার পরিবহন করা হচ্ছিল। অভিযানের সময় চালক সার পরিবহনের বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকচালক বাবু ও হেলপার সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পর চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হলেও ট্রাকে থাকা ৩৮০ বস্তা সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক বলেন, বৈধ চালান ছাড়া সার পরিবহনের কারণে ৩৮০ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
আটক ট্রাকের চালক বাবু ও হেলপার সুমনের বাড়ি কুষ্টিয়া জেলার মাল্লাতেঘরিয়া এলাকায়।
অভিযানকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, সদর থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে পরিবহন, মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









