জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, “দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করা হয়েছে। তার দাবি, জি কে গাউস, নুরুল হক নুরু, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সালাউদ্দিনসহ কয়েকজনের একটি গ্যাং রয়েছে, যারা চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে অর্থ সংগ্রহ করে গুলশানের একটি অফিসে জমা দেয়।” তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিক সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
তিনি আরো অভিযোগ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হচ্ছে। তাঁর ভাষ্য, নতুন সরকার মামলাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের পথেই এগোচ্ছে। তিনি বলেন, ‘তারেক রহমান সরকার চালাইতে পারবে না বেশিদিন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট চলছে। কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধার কার্ড সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির লোকজন পাচ্ছেন। মালয়েশিয়ার শ্রমবাজার প্রত্যাশিতভাবে উন্মুক্ত না হওয়া এবং চীন সফরে প্রত্যাশিত চুক্তি না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালনায় ব্যর্থ হচ্ছে এবং সেই ব্যর্থতা দিন দিন বাড়ছে।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা অভিযোগ করেন, ওইদিন রাত আটটা থেকে বারোটা পর্যন্ত ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে এবং এতে বিএনপির নেতা তারেক রহমান প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছেন।
নির্বাচনে তাদের দলের তিনটি প্রধান এজেন্ডা ছিল সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার বলে জানান পাটওয়ারী। তাঁর দাবি, ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। তিনি বলেন, বিএনপি যদি সেই সংস্কারের বিপক্ষে দাঁড়ায়, তাহলে জনগণের কাছেই তাদের রাজনৈতিক পরিণতি নির্ধারিত হবে।
বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং সরকার তাদের বিচারের আওতায় আনছে না। কক্সবাজারে ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের হত্যাকারীদের অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি।
বাংলাদেশের রাজনীতিতে ‘গ্যাংবাজির সংস্কৃতি’ চালু হয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, রাজনীতির নামে গ্যাংবাজি চলতে পারে না। কেউ যদি গ্যাংবাজিই করতে চান, তাহলে রাজনীতির আড়ালে না থেকে সরাসরি সেটার ঘোষণা দেওয়া উচিত।
ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে পাটওয়ারী বলেন, তাদের বিরুদ্ধে আইফোন ছিনতাইয়ের যে অভিযোগ আনা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক। তিনি প্রশ্ন তোলেন, সেটি কার আইফোন ছিল— জি কে গাউসের নাকি তারেক রহমানের।
উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ নয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









