শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাকে কেন্দ্র করে যানজট ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ঢাকাবাসীর জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, শুক্রবারের শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার নির্ধারিত রুট হলো—ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার ও গুলিস্তান মোড় থেকে নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।
শোভাযাত্রা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত নির্ধারিত রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপির ৯ নির্দেশনা
১. শোভাযাত্রার নির্ধারিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।
২. শোভাযাত্রায় উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।
৩. শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুকদের শুরুতেই এতে যোগ দিতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।
৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ এ ধরনের কোনো বস্তু নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।
৫. শোভাযাত্রা চলাকালে রাস্তায় কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।
৬. শোভাযাত্রার রুটে অহেতুক দাঁড়িয়ে থেকে যানবাহন বা মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৭. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত নিকটস্থ পুলিশকে জানাতে হবে।
৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে।
৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সহযোগিতা করতে হবে। একই সঙ্গে শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে নগরবাসী ও অংশগ্রহণকারীদের পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









