গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে দুই গ্রামের অন্তত ২০ জন বাসিন্দা আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি গবাদিপশুও শিয়ালের আক্রমণে আহত হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ এলাকাবাসী তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের ঢুলিগড়া ও ভাল্লুকবের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেল থেকে গ্রামের বিভিন্ন স্থানে শিয়ালগুলো গবাদিপশুর ওপর আক্রমণ শুরু করে। বৃহস্পতিবার সকালে পথচারী ও কর্মজীবী মানুষকেও কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আত্মরক্ষায় এলাকাবাসী একত্রিত হয়ে তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন।
ঢুলিগড়া গ্রামের বাসিন্দা সুকুমার বর্মণ বলেন, বৃহস্পতিবার সকালে ৫ থেকে ৭ জন গ্রামবাসী বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝোপের ভেতর থেকে একটি শিয়াল বের হয়ে তাদের ওপর আক্রমণ করে। এতে দুজন আহত হন।
চাপাইর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. সবুর বলেন, ‘‘গত কয়েক দিনে ঢুলিগড়া ও ভাল্লুকবের এলাকার আলমাস, দুখাই মাতবর, হরিদাসী, আবুল হোসেন, মিম আক্তার ও মিনারের স্ত্রীসহ কমপক্ষে ২০ জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’’
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনিম জাহান মুনমুন বলেন, ‘‘শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে। গুরুতর আহতদের জন্যও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









