ঢাকার বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় বাসায় ঢুকে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।
তিনি বলেন, রানা নামের ৩৫ বছর বয়সী ওই যুবক জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। রানা পেশায় একজন চালক। তার বাবার নাম মৃত আব্দুর রব। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।
পায়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রানা বলেন, শনিবার উত্তর বাড্ডায় এক ছোট ভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার পর বাসায় ফিরে তিনি ঘুমিয়ে ছিলেন। তার আরেক পরিচিত জয় নামের এক যুবকও ওই বাসায় ছিলেন।
রানা বলেন, রাত ১০টার দিকে বাসার দরজায় নক হয়। ভেতর থেকে কে জানতে চাওয়া হলেও বাইরে থেকে কোনো সাড়া-শব্দ আসেনি। তিনি তখন বিছানায় শুয়ে ছিলেন। পরে বাসায় থাকা জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল দরজার কাছে চলে যান।
এ সময় তামিমসহ আরও দুইজন হঠাৎ দরজা দিয়ে ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার ডান পায়ে গুলি করে। গুলিটি ডান পায়ের হাঁটুর ওপর লাগে। গুলি করার পর তারা দ্রুত পালিয়ে যায় বলে জানান রানা।
অভিযুক্ত তামিম ওই এলাকারই বাসিন্দা। তার বাবার নাম সিরাজুল মিয়া।
আহত রানার স্বজনদের ভাষ্য, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। এর জেরেই এই গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









