ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
রবিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা জানান, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পুলিশ।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। দুপুরের দিকে তারা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা ও একটি বিপণিবিতানে ভাঙচুর চালান। পরে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









