ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।
এদিকে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।
গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় তাদের মোতায়েন রাখা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









