ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। গতকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন আজ দ্বিতীয় দিনের মতোও বহাল রয়েছে। শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত চারটি পোশাক কারখানায় নতুন করে কর্মবিরতি পালন করা হচ্ছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে নাঈম নীটওয়্যার কারখানার শ্রমিকরা প্রথমে কর্মবিরতি পালন করেন এবং পরবর্তীতে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আন্দোলনরত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









