রাজধানী ঢাকায় এক রাতেই পাঁচটি বাসে অগ্নিসংযোগ, অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়।
রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্ক করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার পথে বাসটির পেছনে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ছাড়া রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মিরপুর চিড়িয়াখানা সড়কেও আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাসে আগুন দেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। রাত ৮টা ২০ মিনিটের দিকে কোতোয়ালি এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা দুটি ককটেল সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়।
মোহাম্মদপুর এলাকায় কৃষি মার্কেট, আসাদগেট, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনে, বসিলার এসআরবি-২ কার্যালয় এবং রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ ছাড়া আদাবরের শিয়া মসজিদ এলাকায় টপটেন শোরুমের পাশে একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে সেটি ঘিরে রাখে পুলিশ। মহাখালী বাসস্ট্যান্ড ও খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে একটি পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে একটি কাচের বোতল, বোতলের মুখে লাগানো স্কচটেপ এবং পোড়া গেঞ্জির অংশ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংশ্লিষ্ট ও দায়িত্বরত কর্মকর্তারা এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত আগের ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুলিশের দুটি স্থাপনাও হামলার শিকার হয়েছে।
এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









