রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় এবার আগুন দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেওয়া বাসটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্টাফ বাস। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় আরও কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্ক করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান জানান, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ছাড়া রাত ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মিরপুরের চিড়িয়াখানা সড়কেও বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীতে ধারাবাহিক এসব অগ্নিসংযোগের ঘটনায় নগরীর গণপরিবহন ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









