জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীর থেকে নিখোঁজের তিন দিন পর নয়ন মিয়া (৫০) নামে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ব্রহ্মপুত্র নদের তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত নয়ন মিয়া জামালপুর সদর উপজেলার ছোট জয়রামপুর গ্রামের আ. আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি নয়ন মিয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









