গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর ফজলে রাব্বি (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামের মধুমতি নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাব্বি নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের একমাত্র ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি মো. আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাবা-মায়ের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় রাব্বি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
পরে রবিবার দুপুরে বারাইল গ্রামের মধুমতি নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর মামাতো ভাই মো. আশিক বলেন, আমার ফুফাতো ভাই রাব্বি আমাদের বাড়িতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে অন্য একটি শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। সে সাঁতার জানত না। নদীতে গোসলের সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









