বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হককে ‘অবাঞ্চিত’ ঘোষণা করে তার অপসারণের দাবি জানিয়েছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৩০ই আগষ্ট) সকালে শিক্ষার্থীরা অপসারণের দাবিতে চেয়ারম্যান কক্ষ, ক্লাস রুম ও আফিস রুমে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে উপাচার্য কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান তারা। উপাচার্য কার্যালয়ে না থাকায় প্রায় ২ ঘণ্টা পর প্রক্টরের মাধ্যমে ২৪ ঘণ্টার সময় নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগে সামগ্রিক অব্যবস্থাপনা ও পক্ষপাতমূলক শিক্ষা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সেশনজটের জন্যও চেয়ারম্যানকে অন্যতম দায়ী বলে অভিযোগ করেন তারা। এসব অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানকে বিভাগ থেকে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা।
কাজী মনোয়ার বলেন, “চেয়ারম্যান সেশন জট কাটানোর এর আগেও বিভিন্ন লিখিত আশ্বাস দিলেও তার সদিচ্ছার অভাবে সেশনজট নিরসন করতে পারেনি সেজন্য আজকে আমরা ওনার আফিসে ও বিভাগে তালা ঝুলাইছি। তবে আজকে প্রক্টরের মাধ্যমে উপাচার্যের সাথে মুঠোফোন কথা হয়েছে। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের এ বিষয় নিয়ে বসবেন বলে আশ্বস্ত করেছেন। তবে আমাদের মূখ্য দাবি চেয়ারম্যান স্যারকে বিভাগ থেকে অপসারণ।”
শিক্ষার্থী তাহসিন বলেন, “আমাদের ডিপার্টমেন্ট এর বহু সমস্যা সমাধানের জন্য এর আগেও অনেক বার স্যারের সাথে যোগাযোগ এ কোন ফলপ্রসু সমাধান পাই নি। আমাদের সাধারন শিক্ষার্থীদের দাবি একটাই উনি সসম্মানে আমাদের সহযোগিতা পূর্বক ডিপার্টমেন্ট থেকে সরে যাক। উন্নয়ন ফি প্রতি বছর ১২০০ নেয়া হলেও ১০ বছরে একটা পর্দা লাগানো সাফল্য হতে পারে না। আমাদের ডিপার্টমেন্ট এর সংখ্যাগরিষ্ঠ বর্তমানে স্নাতক এবং স্নাতকোত্তর এ অধ্যয়নরত শিক্ষার্থীদের দাবি একটাই উনার অপসারন। এই পরিস্থিতিতে আমাদের কর্তব্যরত প্রভাষকরাও ডিপার্টমেন্ট এর ব্যাপারে যথেষ্ট আন্তরিক হওয়া সত্ত্বেও নিরুপায়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহদী হাসান সোহাগ বলেন, “তারা আমাদেরকে লিখিত আকারে অভিযোগ দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।”
চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক জানান, ক্লাসরুম সংকট ও শিক্ষক সংকটের ফলে এই জটিলতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এসকল কাজ করতে না করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









