দিনাজপুরের নবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন, মেলার নামে অসামাজিক কার্যকলাপ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন।
শুক্রবার (২২ মে) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকার এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “মেলার নামে কেউ যদি অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে কিংবা জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান তিনি।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, খেলার সামগ্রী ও হাই-লো বেঞ্চ বিতরণ করা হয়। এছাড়া দুস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিদ আল মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী এবং যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।
এরআগে, দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে উপজেলা অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় মন্ত্রী সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









