প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে সরকার দ্রুত ও কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২৫ মে) দুপুরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘‘যেসব প্রতিষ্ঠান বা জাল চক্র প্রবাসে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’’
শ্রমিকদের অধিকার ও সুরক্ষার বিষয়ে তিনি আরও বলেন, ‘‘শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনাসহ কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারের সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত শ্রমিকদের পরিবারকেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনা করছে।’’
অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত ও নিহত শ্রমিক পরিবারের মাঝে সর্বমোট ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। আহত ও নিহত পরিবারের অবস্থা বিবেচনায় সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক সন্দীপ কুমার সিংহ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









