সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির পাংসের খাল পুনঃখনন কার্যক্রমে বাধা প্রদান ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান, ওয়াজেদ আলী, শিক্ষক মো. সালাউদ্দীন, মোফাজ্জল হোসেন, ইব্রাহিম খলিল, আলআমিন হোসেন, আবুজার গাজী প্রমুখ।
মানববন্ধনে মোফাজ্জল হোসেন বলেন, ‘‘দীর্ঘদিন ধরে পাংসার খাল ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন এবং স্থানীয় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনের লক্ষে সরকারি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলে বেসরকারি একটি সংগঠন উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে প্রকল্প বাস্তবায়নে বাধার দেওয়ার চেষ্টা করছে।’’
শিক্ষক সালাউদ্দীন বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খননে বাধা দেওয়ায়-এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’’
বক্তারা আরও বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা কৃষি ফসল ফলাতে পারবেন, জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
মানববন্ধনে বক্তারা অপপ্রচার ও উন্নয়ন কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









