পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। বরিশালসহ দক্ষিণাঞ্চলের আটটি জেলায় চাঁদাবাজি, অজ্ঞানপার্টি ও জাল টাকার কারবারিদের রুখতে ড্রোন ও ওয়াচ টাওয়ারসহ ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বরিশাল নগরীর দপদপিয়া এলাকায় কীর্তনখোলা সেতুর ঢালে স্থাপিত অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল জোবায়ের।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক জানান, র্যাব-৮ এর আওতাধীন বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট ও মাদারীপুর এই আট জেলার প্রতিটি বড় পশুর হাটে র্যাবের অস্থায়ী কন্ট্রোলরুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। হাটের শৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে।
লে. কর্নেল জোবায়ের বলেন, “পশুর হাটের সার্বিক পরিস্থিতি ওপর থেকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। একই সাথে হাটে যাতে কোনো চক্র জাল টাকা ছড়াতে না পারে, সেজন্য র্যাবের প্রতিটি কন্ট্রোল রুমে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। ক্রেতা বা বিক্রেতা যেকোনো সময় বিনামূল্যে এই সেবা নিতে পারবেন।’’
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে র্যাব। শুধু স্থলপথই নয়, নদীমাতৃক এই অঞ্চলের লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনাল ও শপিং মলগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নদীতে র্যাবের বিশেষ ‘বোট পেট্রোল’ (নৌ-টহল) দল নিয়োজিত রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
পশুর হাটের পাশাপাশি ঈদের দিন প্রধান প্রধান ঈদগাহ ও শাহি জামাতগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হবে বলে জানান র্যাব অধিনায়ক। তিনি উল্লেখ করেন, আট জেলার ঈদ জামাতগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং গোয়েন্দা কার্যক্রম সচল রাখতে র্যাবের মোট ২০টি বিশেষ টহল দল (পেট্রোল টিম) নিয়োজিত থাকবে।
সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর অধিনায়ক ছাড়াও বিভিন্ন কোম্পানির কমান্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে র্যাবের টিম বরিশাল শহরের বিভিন্ন পশুর হাট, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









