আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও কোরবানীর পশুর হাটসহ বিভিন্ন পয়েন্টে ব্যাপক তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে বিজিবি যশোর রিজিয়নের অধীনে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মহাসড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২১ মে থেকেই বিজিবি সদস্যরা মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৬ মে) বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকা প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান দমন এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বজায় রাখতে ২টি সেক্টরের অধীনে ৮টি ইউনিটের ১১৬টি বিওপি কাজ করছে। জনকল্যাণমূলক এই মহাপরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিন দিবারাত্রি প্রায় ৫০০টি টহল পরিচালনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
বিজিবি জানায়, ঈদকে কেন্দ্র করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত কুষ্টিয়া লালন শাহ সেতু টোল প্লাজায় গত ২১ মে হতে বিশেষ বিজিবি সেকশন মোতায়েন করা হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এই টোল প্লাজায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সেতু এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং টোল প্লাজা এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে বিজিবি। এছাড়াও মহাসড়কে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ পার্কিং, কৃত্রিম যানজট সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক হাই-অ্যালার্টে রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দেশের জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ঈদ যাত্রা যেন আনন্দদায়ক ও নিরাপদ হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বসাধারণের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছে, যাতে সবাই নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









