পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে এবার মোট ১১৭৪ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় জেলা ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টিপাত হলে একই সময়ে জেলা কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করা হবে।
মঙ্গলবার (২৬ মে) জেলা ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিদর্শনে এসে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব বলেন, ‘‘জেলা ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ করা হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।’’
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ জামাতকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন সড়ক মেরামতসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
ঈদের পর কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার পক্ষ থেকে বাসিন্দাদের মধ্যে বর্জ্য ফেলার জন্য বিশেষ ব্যাগ বিতরণ করা হচ্ছে, যাতে নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ সহজ হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বিটিজেএ সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান লিমন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলী আজমসহ প্রশাসন, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









