বলিউড তারকাদের পেছনে সার্বক্ষণিক ক্যামেরা নিয়ে ছুটে চলা মুম্বাইয়ের পাপারাজ্জিদের সংস্কৃতি নতুন কিছু নয়। তবে এবার সব সীমা ছাড়িয়ে গেল। ঘরের ব্যক্তিগত পরিসরেও যে তারকাদের কোনো নিস্তার নেই, তার প্রমাণ মিলল সালমান খানের সর্বশেষ ভাইরাল হওয়া ভিডিওতে।
দিনকয়েক আগেই সালমান খান আলোকচিত্রীদের সতর্ক করে দেন, যেন তার যে কোনো মুহূর্তের ছবি না তোলেন তারা।
রীতিমতো তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই প্রতিবাদের জন্য তাকে যদি জেলে যেতে হয়, তাও পরোয়া করেন না তিনি।”
তারপর সালমানের কাছে ক্ষমাও চান ছবি শিকারিরা। দু’দিন কাটতে না কাটতেই সালমানের ব্যক্তিগত ভিডিও ফের ফাঁস হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, বন্ধুর বাড়িতে তাদের সঙ্গে নৈশভোজ করছিলেন তিনি। চোখেমুখে ক্লান্তি থাকলেও মন দিয়ে খাবার খাচ্ছেন অভিনেতা। সেই একান্ত মুহূর্তের ভিডিও ফাঁস করে দিয়েছে পাপারাজ্জি দল।
যদিও নেটপাড়ার একাংশের দাবি, তিনি মদ পান করছিলেন বলেই সেভাবে চোখ খুলতে পারছিলেন না। এমন মন্তব্য দেখেই যেন রাগে ফুঁসে উঠেছেন সালমানের অনুরাগীরা।
তারা বলেন, ‘‘কী ধরনের মানসিকতা এটা! মানুষটাকে শান্তি দেবে না একমুহূর্ত।’’
এমনিতেই গত দু’বছর ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিষ্ণোইদের কাছ থেকে। যার কারণে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘোরাফেরা করেন সালমান খান।
বাড়ির ভিতর থেকে ভিডিও প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। অনেকেই এই ভিডিও দেখার পরে মন্তব্য করেছেন, ‘‘ছিঃ! লজ্জাজনক! কোনও মানুষের গোপনীয়তা রক্ষা করতে জানে না এরা।’’
দিন কয়েক আগে মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে আসায় পাপারাজ্জিদের উপর ভয়ঙ্কর রেগে যান তিনি। তবে ভিডিও ফাঁসের এই ঘটনা নিয়ে এখনও নীরব সালমান।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









