মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল চারটার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সকালের দিকে তেলবাহী ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৪টার দিকে ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ও বনাঞ্চল এলাকা অতিক্রম করার সময় এই বিপত্তি ঘটে।
ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ কর্মকর্তা পরাগ বকুল দাস ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘‘বিকেলে ট্রেনটি লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর আমরা হঠাৎ ধোঁয়া দেখতে পাই। তাৎক্ষণিকভাবে বিষয়টি ট্রেনের লোকোমাস্টারকে (চালক) জানালে তিনি ট্রেনটি থামিয়ে দেন। পরে নিচে নেমে দেখা যায়, ট্রেনের একটি ওয়াগনের (তেলের ট্যাংকার) চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে।’’
ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ এদিনকে জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনকে (রিলিফ ট্রেন) খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধারের কাজ শুরু করার পর পরিস্থিতি স্বাভাবিক হবে। দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।
এদিকে হঠাৎ রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়া মাত্রই ট্রেন চলাচল আবার শুরু হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









