বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন সরদার (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার নলবুনিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বিদ্যুতের সংযোগ লাগাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত সুমন সরদার ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিংবাড়ি গ্রামের কালাম সরদারের ছেলে।
নিহতের মামা উপজেলা যুবদল নেতা আবু জাফর জানান, ঈদ উপলক্ষে সুমন শ্বশুরবাড়ি নলবুনিয়া গ্রামে বেড়াতে আসেন। শুক্রবার বিকালে মোবাইল ফোনে না পেয়ে তার মেয়ে তাকে ঐ বাড়িতে খুঁজতে আসেন। এ সময় তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দিলে স্বজনরা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অন্তরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট সুমন সরদারকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, বিএনপি নেতার মৃত্যুর বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









