সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত ৮টায় রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায়।
রাত ১০টায় তিনি এদিনকে বলেন, ‘‘উদ্বারকারী ট্রেন এসে উদ্বার কাজ সম্পন্ন করেছে। বর্তমানে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুট সচল রয়েছে।’’
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যদয়। তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, সকালের দিকে তেলবাহী ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল চারটার দিকে ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ও বনাঞ্চল এলাকা অতিক্রম করার সময় এই বিপত্তি ঘটে।
ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ কর্মকর্তা পরাগ বকুল দাস ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘‘বিকেলে ট্রেনটি লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর আমরা হঠাৎ ধোঁয়া দেখতে পাই। তাৎক্ষণিকভাবে বিষয়টি ট্রেনের চালককে জানালে তিনি ট্রেনটি থামিয়ে দেন। পরে নিচে নেমে দেখা যায়, ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে।’’
দুর্ঘটনার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর রাত ৮টায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বচাভাবিক হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









