রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রভাতী ত্রিপুরা (১৮) নামে এক তরুণীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে জীবন বাঁচিয়েছে বিজিবি।
শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম জুপ্পুই এলাকায় এই ঘটনা ঘটে।
অসুস্থ তরুণীর স্বামী রুহিম ত্রিপুরার সাথে কথা বলে জানা যায়, রাতে তার স্ত্রী হঠাৎ পেট ব্যথায় ছটফট করতে থাকে এবং তীব্র ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে। প্রভাতী ত্রিপুরা সন্ধ্যা থেকে অসুস্থ ছিলেন।
আশপাশে কোন কমিউনিটি ক্লিনিক বা হাসপাতাল না থাকায় স্ত্রীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের জুপ্পুই বিওপিতে ছুটে এসে সংবাদ দেয়া হয়। সংবাদ পেয়ে দ্রুত ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় অসুস্থ তরুণীকে চিকিৎসার জন্য বিওপিতে আনা হয়।
পরে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বাড়ি পৌঁছে দেয়া হয়। বিজিবির এমন মানবিক পদক্ষেপের ফলে প্রভাতী ত্রিপুরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই ঘটনায় জুপ্পুই এলাকাবাসী বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, ‘‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বিজিবি পাহাড়ে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মানবিক চিকিৎসা সেবা নিশ্চিত করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রভাতী ত্রিপুরার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









