“বন্ধুত্বের বন্ধনে-প্রাণের স্পন্দনে” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচের ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এ পুনর্মিলনীতে বিভিন্ন স্থান থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ব্যস্ত জীবনের নানা ব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন পুরোনো বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুনর্মিলনীর অংশ হিসেবে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শৈশবের বিদ্যাপীঠ কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা বিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন, পুরোনো স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত সহপাঠীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, আজ যারা পৃথিবীতে নেই, তারাও এই ব্যাচের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্মৃতি ও অবদান সহপাঠীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়া দিনব্যাপী নানা আনন্দঘন আয়োজন, দলীয় ছবি তোলা, অভিজ্ঞতা বিনিময় ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে পুনর্মিলনী উৎসব উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









