রাঙামাটির বাঘাইছড়িতে বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বাঘাইছড়ি থানাধীন কলেজপাড়া মোড় সংলগ্ন কলেজপাড়া পাকা সেতুর ওপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদারের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. রাকিবুল হাসান ও এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলাম রানা শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ঈসমাইল হোসেন (২৩) নামে এক যুবকের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ঈসমাইল হোসেন বাঘাইছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার বাসিন্দা এবং মো. ইমান আলীর ছেলে।
এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বাঘাইছড়ি থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









