শরণখোলায় কাঠ বোঝাই নসিমন উল্টে গিয়ে প্রবাস ফেরত যুবক সুজন মোল্লার (৩৮) মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে রাজাপুর-পহলানবাড়ী সড়কের ছুটুখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় তার সাথে থাকা রিয়াদ নামের আরো শ্রমিক আহত হয়। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুজন মোল্লা উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে।
কাঠ বোঝাই করে রাজাপুর বাজার থেকে পহলানবাড়ি যাবার পথে রাস্তার বাক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন টি উল্টে যায়। এ সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুটির সাথে মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু ঘটে। ঘটনার সময় সুজন মোল্লা নিজেই নসিমনটি চালাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
সুজন মোল্লার পিতা হানিফ মোল্লা জানান, তার ছেলে কিছু দিন আগে দেশে ফিরে এসে একটি নসিমন গাড়ি কিনে কাঠের ব্যবসা শুরু করেন।
এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









