গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর নাঈম (২৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনের শেখেরঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশের একটি পুকুর ভাড়া নিয়ে মাছচাষও করতেন।
নাঈমের বাবা জামাল উদ্দিন জানান, মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম বাড়ির পাশের মাছচাষের পুকুর দেখতে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমবার কল দিলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
তিনি আরও জানান, পরদিন সকাল পর্যন্ত নাঈম বাড়িতে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে টি-শার্ট ও শর্টস ছিল।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনের শেখেরঘাট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নাঈমের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









