জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের কৃতি সন্তান ডাঃ গালিব হাসান। সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। কমিটিতে ডাঃ গালিব হাসানের অন্তর্ভুক্তি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।
ডাঃ গালিব হাসান নেছারাবাদ উপজেলার প্রফেসর মোঃ মহাসিন রেজার ছেলে। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল থেকে উঠে আসা এ তরুণ নেতা দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
জানা যায়, ছাত্রজীবনে তিনি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ছাত্রদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রেজাউল হাসান বলেন, “ডাঃ গালিব হাসান ছাত্রজীবন থেকেই একজন নিবেদিতপ্রাণ সংগঠক। সংগঠনের প্রয়োজনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।”
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, “তিনি একজন মানবিক চিকিৎসক ও পরিশ্রমী রাজনৈতিক কর্মী। অসহায় মানুষের চিকিৎসাসেবায় তার ভূমিকা প্রশংসনীয়।”
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফকরুল আলম বলেন, “যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে মর্যাদা পেয়েছেন। আমরা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।”
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ডাঃ গালিব হাসানের এই পদ লাভ তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার যথাযথ স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দল ও সাধারণ মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









