১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে শুক্রবার (৫ জুন) রাতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়ছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১ থেকে ১২ জুন পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।
সম্মেলনের মূল অধিবেশনে আগামী ৮ জুন বাংলাদেশের প্রতিনিধিদলের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে শ্রমমন্ত্রী দেশের শ্রম পরিস্থিতি, শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান এবং চলমান শ্রম খাতের সংস্কার কার্যক্রম তুলে ধরবেন।
বিশেষ গুরুত্ব পাবে সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন (সংশোধন) ২০২৬, যা শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হবে।
জেনেভা সফরের সময় সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক এবং দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিদলে সরকারি পক্ষ থেকে শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ ছয়জন রয়েছেন।
অন্যদিকে, মালিক পক্ষের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ নয়জন প্রতিনিধি।
এ ছাড়া শ্রমিক পক্ষের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ শ্রম খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং শ্রমিক কল্যাণে নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









