গাজীপুরের কাপাসিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার প্রায় পাঁচ বছর পর বিশেষ অভিযানে তাকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সেলিম (৩৩)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাজাহাজী গ্রামের আতাউর রহমানের ছেলে।
সিআইডি সূত্র জানায়, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সেলিম। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় ধরে পলাতক থাকাকালে সেলিম নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোন নম্বর ব্যবহার করেননি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি বিভিন্ন সময়ে অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতেন। ফলে তার অবস্থান শনাক্ত করা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
সিআইডির ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজির নির্দেশনায় এবং এলআইসি, সিআইডি ঢাকার সহায়তায় বিশেষ পুলিশ সুপার, সিআইডি গাজীপুর জেলা ও মেট্রোর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সোমবার (৮ জুন) সন্ধ্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ মঙ্গলবার (৯ জুন) দুপুরে আদালতে পাঠানোর হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রোর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া জানান, দীর্ঘদিন পলাতক থাকা আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









