গাজীপুরের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে জেলার কাপাসিয়া ও রাজেন্দ্রপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৪৫) কাপাসিয়া বাজারের একজন সবজি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তিনি গাজীপুর চৌরাস্তা থেকে একটি পিকআপ ভ্যানে করে ব্যবসায়িক মালামাল নিয়ে কাপাসিয়ার উদ্দেশে রওনা দেন। পথে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে পিকআপটির একটি চাকা পাংচার হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির চালক রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় নুরুল ইসলাম পিকআপের পেছনে অবস্থান করছিলেন। হঠাৎ দ্রুতগতির আরেকটি পিকআপ এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাপাসিয়া বাজারের ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা বলেন, “নুরুল প্রতিদিনের মতোই মালামাল নিয়ে বাজারে ফিরছিলেন। কিন্তু পথেই দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।”
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সকালে কাপাসিয়া উপজেলার জলপাইতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।
বাসের যাত্রীরা জানান, সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে আটকে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অন্যথায় বাসটি পাশের খাদে পড়ে আরও হতাহতের ঘটনা ঘটতে পারত।
কাপাসিয়া থানার ওসি নাছির আহমেদ বলেন, আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









