বগুড়ার সারিয়াকান্দিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে এর ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার নারচী ইউনিয়নের সচেতন যুব সমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি নারচী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজারে মানববন্ধনে মিলিত হন অংশগ্রণকারীরা। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নারচী মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিল আফরুজা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— শিক্ষক রাশেদুজ্জামান, মাহবুব, ফিরদাউস, নুর আলম, শিহাব এবং সচেতন যুব সমাজের পক্ষে স্বাধীন মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের করাল গ্রাসে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা, মানসম্মত শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে বেশি করে সম্পৃক্ত করার ওপর জোর দেন বক্তারা। মানববন্ধন থেকে ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









