নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, গাঁজা ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন রানা ও বাবু লাল, বরপা এলাকার আকাশ, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ফরহাদ হোসেন ও রনি এবং কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গোলাকান্দাইল এলাকা থেকে ৮৫ বোতল বিদেশি মদসহ মকবুল হোসেন রানাকে এবং ৫০০ গ্রাম গাঁজাসহ বাবু লালকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বরপা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিলসহ আকাশকে আটক করা হয়। চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেনকে এবং বিপুল পরিমাণ গাঁজাসহ রনিকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকা থেকে ১৬ পিস ইয়াবাসহ দিল মোহাম্মদ দিলুকে আটক করা হয়।
ওসি সালাউদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









