জামালপুরে বহুল আলোচিত সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আব্দুস সালামকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম জামালপুর সদর উপজেলার লক্ষীরচর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৬ জুন সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে একটি নৃশংস হামলার ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন এবং তার স্ত্রী জুলেখা বেগম গুরুতর আহত হন। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার পরপরই আসামিদের গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সকালে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘‘জামালপুর জেলা পুলিশ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। হত্যাকাণ্ডের পরপরই আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে দ্রুততম সময়ে প্রধান আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা বদ্ধপরিকর।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









