কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত, পথচারীবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেছে প্রশাসন।
বুধবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কালীবাড়ী মোড় এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে কালীবাড়ী মোড় থেকে বড়বাজার মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা, টং ঘর অপসারণ করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতিতে একাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা, কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানসহ জেলা পুলিশ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি শহরের অন্যতম ব্যস্ত এ এলাকায় যানজট দিন দিন প্রকট আকার ধারণ করছিল। এ সকল সমস্যা নিরসনেই যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করেন, ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে, একই সঙ্গে শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি অংশ বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, ফুটপাত ও নদী দখলমুক্ত করা গেলে কিশোরগঞ্জ শহরের পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুবিধার উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে তারা উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









