মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাম ওয়েল ব্যবহার করে ভেজাল ঘি, মাওয়া ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন এবং অনুমোদন ছাড়াই বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ জুন) উপজেলার বারইগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম এলাকার একটি খাদ্যপণ্য উৎপাদন কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় পাম ওয়েলসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে ভেজাল ঘি, মাওয়া ও অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৫২ ও ৫৩ ধারার লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









