দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক পটপরিবর্তন শেষে আবারও জাতীয় বাজেট পেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর গঠিত নতুন সরকারের প্রথম এবং দলের ইতিহাসে দীর্ঘ দেড় যুগ পরের এই বাজেটকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই ঐতিহাসিক প্রস্তাবিত বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্বাধীন বাংলাদেশে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে যে যাত্রার সূচনা করেছিলেন, সেই পথ ধরে বাংলাদেশের ৫৫তম বাজেট নিয়ে আসছেন অর্থমন্ত্রী, আকার হবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মত।
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে সবশেষ ২০০৬-২০০৭ সালের বাজেট দিয়েছিলেন তখনকার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তখন প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি প্রধান খালেদা জিয়া।
জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার নির্বাচিত সরকার সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
গত বছর সংসদের বাইরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির মাধ্যমে বাজেট উপস্থাপন করেছিলেন মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বতী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
২০২৪-২৫ অর্থবছর ছাড়াও সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৭ ও ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার। তখন সংসদের বাইরে বাজেট উপস্থাপন করেছিলেন তখনকার অর্থউপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৪ জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসকসহ) ৫৪টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে।
তিন মেয়াদে সর্বোচ্চ বারোটি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে দুই প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিতের।
১৯৭৫ সালের শেষ ভাগে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমান পরবর্তী তিন অর্থবছর নিজেই বাজেট উপস্থাপন করেন। বিএনপি সরকারের আমলে ১৯৭৯-৮০ সালে তখনকার অর্থমন্ত্রী এমএন (মির্জা নূরুল) হুদা একবার এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকারে অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান মোট ১২ বার বাজেট তুলে ধরেন।
আওয়ামী লীগের ছয় মেয়াদে তাজউদ্দীন আহমদ তিনবার, এ আর (আজিজুর রহমান) মল্লিক একবার, আবুল মাল আবদুল মুহিত ১২ বার, শাহ এএমএস কিবরিয়া ছয়বার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং আবুল হাসান মাহমুদ আলী একবার জাতীয় বাজেট উপস্থাপন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









